ভারতের রাজধানী দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে হরিয়ানার গুরুগ্রামে তার পরিবারের বাসা থেকে তাকে আটক করা হয় বলে সূত্রের বরাতে জানা গেছে।
সূত্রের তথ্য অনুযায়ী, গুরুগ্রামের সেক্টর ৫৬-এর সেন্ট্রাল পার্ক বিহারে ধ্রুব রাঠির পরিবারের বাসা। শনিবার সকাল ৭টা ৪৮ মিনিটে সেখানে প্রবেশ করেন দিল্লি পুলিশের সদস্যরা। এ সময় তার মা দরজা খুলে দেন। এর আগে শুক্রবার গভীর রাতে ওই বাসার বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য জড়ো হয়েছিলেন বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পরিকল্পিত বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে এসেছিলেন ধ্রুব রাঠি। শনিবার রাজধানীর যন্তর মন্তরে এ কর্মসূচি পালনের কথা ছিল।
তবে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই তাকে আটকের ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। আটকের পেছনে নির্দিষ্ট কোনো অভিযোগ, আইনি কারণ কিংবা বিক্ষোভের অনুমতিসংক্রান্ত জটিলতা রয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে দিল্লি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে ধ্রুব রাঠিকে আটকের সুনির্দিষ্ট কারণ ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও অস্পষ্ট।
আপনার মতামত লিখুন :