সাতক্ষীরার শ্যামনগরে কাঠের কাজ করার সময় বজ্রপাতে শওকত গাজী (৫৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শওকত গাজী আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাট এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুল সামাদ গাজীর ছেলে।
নিহতের চাচাতো ভাই আব্দুল খালেক বলেন, দুপুরে শওকত বন্যাতলা এলাকায় কাঠের কাজ করছিলেন। এ সময় হালকা বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পর হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয়রা জানান, শওকত গাজী দীর্ঘদিন ধরে কাঠমিস্ত্রির কাজের পাশাপাশি দিনমজুর হিসেবেও কাজ করতেন। এভাবেই তিনি পরিবারের জীবিকা নির্বাহ করতেন। তিনি পাঁচ সন্তানের বাবা।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে শওকত গাজীর মৃত্যু হয়েছে। তার মরদেহ দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হঠাৎ এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :